টাঙ্গাইলে ঢাকাগামী যাত্রীদের কাছে প্রায় দ্বিগুণ বাস ভাড়া নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ঈদের ছুটি শেষে ঢাকাগামী মানুষের কাছ থেকে বাসগুলো প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে। দুই দিন ধরে এ বর্ধিত ভাড়া নেওয়া হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। 

ভুক্তভোগী যাত্রীরা জানান, ঢাকা-টাঙ্গাইল রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া আড়াই শ টাকা। কিন্তু গত শুক্রবার থেকে ৪০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে নিরালা সিটিং সার্ভিসের ভাড়া ১৬০ টাকার স্থলে নেওয়া হচ্ছে আড়াই শ টাকা করে। ধলেশ্বরী, ঝটিকা সার্ভিসে ১০০ টাকার স্থলে ২০০ থেকে ২৩০ টাকা নেওয়া হচ্ছে।
ঈদের পাঁচ দিন আগে থেকেই এসব বাস সার্ভিসে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, শত শত যাত্রীর ভিড়। শীতাতপ নিয়ন্ত্রিত বাস এবং নিরালা সিটিং সার্ভিসের টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, পরিবহন মালিক সমিতি এই বর্ধিত ভাড়া বেঁধে দিয়েছে। আগামী আরও কয়েক দিন বর্ধিত ভাড়া নেওয়া হবে।
শীতাতপ নিয়ন্ত্রিত বাসের যাত্রী শামীম হাসান জানান, যাত্রীদের জিম্মি করে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বর্ধিত ভাড়া নেওয়া বন্ধের দাবি জানান।
আলী হোসেন নামের অপর এক যাত্রী ঢাকায় যাওয়ার টিকিটের জন্য অপেক্ষা করছিলেন নিরালা সিটিং সার্ভিসের কাউন্টারে। সেখানে তাঁর কাছ থেকে টিকিটের দাম নেওয়া হয়েছে আড়াই শ টাকা। তিনি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাই বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে তাঁকে ঢাকা যেতে হচ্ছে।
একই অবস্থা ঝটিকা, ধলেশ্বরীসহ অন্য পরিবহনগুলোতেও। যাত্রীরা অভিযোগ করেন, সাধারণ মানুষকে জিম্মি করে পরিবহনের মালিকেরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। কিন্তু তা দেখার কেউ নেই।
এ বিষয়ে টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান জানান, ঢাকায় যাত্রী নিয়ে গেলেও ঢাকা থেকে ফিরতে হচ্ছে খালি গাড়ি নিয়ে। তাই সারা দেশের মতো টাঙ্গাইলেও তিন থেকে চার দিন অতিরিক্ত ভাড়া নেওয়া হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।