টাঙ্গাইলে তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ৭
টাঙ্গাইলে তরমুজ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই শিশুর পরিবারের পাঁচজনসহ আরও সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। গত রোববার রাতে টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এক তরমুজ ব্যবসায়ীকে আটক করেছে।
মারা যাওয়া শিশুটির নাম ফাহিম (৬)। সে কাগমারা এলাকার মেহেদি হাসানের ছেলে। এ ছাড়া তরমুজ খেয়ে ফাহিমের দাদা মমিনুল হক, দাদি রোকসানা বেগম, বাবা মেহেদী হাসান, মা ডালিয়া আক্তার, ফুপু মরিয়ম আক্তার, দাদির মা জিরাতন বেগম, দাদির বোন রাবেয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ওসি নাজমুল হাসান ভূঁইয়া ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে ফাহিমের দাদা মমিনুল হক শহরের জগলু সড়কের একটি ফলের দোকান থেকে একটি তরমুজ কেনেন। শনিবার দুপুরের দিকে তরমুজটি বাড়ির সবাই খান। এরপর থেকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার দিকে মমিনুল হকের নাতি ফাহিমসহ আটজনকে টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সোবহান জানান, হাসপাতালে ভর্তির পর রাত আটটার দিকে ফাহিম মারা যায়।
খবর পেয়ে টাঙ্গাইল থানার পুলিশ শহরের শহীদ জগলু সড়ক থেকে ওই তরমুজ ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করেছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নূর মোহাম্মদ বলেন, ঢাকা থেকে টাঙ্গাইলে অাসা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় সদস্যের একটি দল গতকাল তরমুজের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।