টাঙ্গাইলে দম্পতিসহ চারজনের আত্মহত্যা
টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকায় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এক দম্পতি, দুই নারীসহ চারজন আত্মহত্যা করেছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পাহাড়ি এলাকার অরণখোলা ইউনিয়নের বেড়িবাইদ গ্রামের আদিবাসী পিটার চিরানের স্ত্রী দিনা মাঝি (৫০) গতকাল সকালে নিজ বাড়িতে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানান। পার্শ্ববর্তী আউশনারা ইউনিয়নের মহিষমারা গ্রামে বুধবার বিকেলে মানসিক ভারসাম্যহীন শেফালি আক্তার (৩০) বিষপানে আত্মহত্যা করেন। বুধবার ধনবাড়ী উপজেলার পাহাড়ি এলাকার মমিনপুর পশ্চিমপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সোবাহান আলীর দ্বিতীয় স্ত্রী সেলিনা বেগম (৩৫) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে তাঁর স্বামী সোবাহান আলী (৬৫) বিষপানে আত্মহননের পথ বেছে নেন। সোবাহান আলীর প্রথম স্ত্রীও বিষপানে আত্মহত্যা করেছিলেন বলে এলাকাবাসী জানান।