টাঙ্গাইলে দুই দলেই 'বিদ্রোহী' ও কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের চারটি উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে চিন্তায় আছে আওয়ামী লীগ ও বিএনপি। কারণ, দুটিতে চেয়ারম্যান পদে দুই দলের একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী আছেন। বাকি দুই উপজেলায় রয়েছে কোন্দল। আগামীকাল টাঙ্গাইলের কালিহাতী, নাগরপুর, মধুপুর ও ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, কালিহাতীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন উপজেলা কমিটির সভাপতি মজহারুল ইসলাম তালুকদার। এখানে ‘বিদ্রোহী’ হয়েছেন জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসান। দলের আরেক বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসান ইমাম খান মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ার পর ‘চাপের মুখে’ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বলেন, বর্তমানে যিনি বিদ্রোহী হিসেবে আছেন, উপজেলার রাজনীতিতে তাঁর কোনো প্রভাব নেই।
বিএনপি থেকে এই উপজেলায় চেয়ারম্যান পদে সমর্থন পেয়েছেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার। ‘বিদ্রোহী’ প্রার্থী একই কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শুকুর মাহমুদ। তাঁর প্রতি উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ দলের একটি অংশের সমর্থন আছে। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক সভাপতি এস এম খালিদও বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় প্রার্থীকে বেকায়দায় ফেলেছেন।
নাগরপুরে ক্ষমতাসীন দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুলতান উদ্দিন। একই কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামও বিদ্রোহ করে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। ফলে এখানেও স্বস্তিতে নেই আওয়ামী লীগ।
এই উপজেলায় প্রথমে বিএনপির সমর্থন পান কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম। কিন্তু বিএনপির উপজেলা আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী এর বিরোধীতা করেন। পরে তাঁর পছন্দের আবদুস সামাদকে দলের সমর্থন দেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, আবদুস সামাদই দলের সমর্থিত প্রার্থী।
ভূঞাপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আবদুল হালিম। এখানে সরকারের মিত্র ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান শামসুল হক তালুকদারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় কোন্দলের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ তাঁর পক্ষে কাজ করছে। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা।
মধুপুরে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার আলম খান। তাঁকে সমর্থন দিচ্ছেন বর্তমান সাংসদ ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। বিদ্রোহী প্রার্থী হন মীর ফরহাদুল ইসলাম। কিন্তু প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ার পরও ‘চাপে’ পড়ে গত বুধবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফলে কিন্তু কাগজ-পত্রে তিনি প্রার্থী রয়েই গেছেন।
দলের স্থানীয় সূত্রগুলো বলছে, এ নিয়ে দলের মধ্যে ভেতরে ভেতরে কোন্দল আছে। এই উপজেলায় বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী হলেন জাকির হোসেন সরকার। তবে তাঁর অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আছে।