টাঙ্গাইলে দুই দিনব্যাপী বাংলা কবিতা উৎসব
টাঙ্গাইলে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলা কবিতা উৎসব। এতে ভারতের ২৩ জনসহ দুই শতাধিক কবি অংশ নিচ্ছেন। গতকাল সকালে স্থানীয় ভাসানী হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান।
জেলা প্রশাসক ও গণগ্রন্থাগারের সভাপতি মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, কবিতার শত্রু বিজ্ঞান বা প্রযুক্তি নয়। কবিতার শত্রু হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদ বৈষম্য সৃষ্টি করছে, মানুষকে করে তুলছে ভোগবাদী ও আত্মকেন্দ্রিক। সে কারণে পুঁজিবাদ কবিতাবিরোধী।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ও কবি কাজী রোজী, আল মুজাহিদী, বুলবুল খান মাহবুব, খান মাহবুব, দেবী রায়, শ্যামলকান্তি দাশ বক্তব্য দেন।
টাঙ্গাইল গণগ্রন্থাগার এ উৎসবের আয়োজন করেছে।