টাঙ্গাইলে দুই ভাই ও নেত্রকোনায় তিনজনের যাবজ্জীবন
টাঙ্গাইলে নাজমুল হত্যা মামলায় গতকাল বুধবার দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এহ্সানুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলে ও স্বামীকে হত্যা করায় স্ত্রীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইলে দণ্ডিত ব্যক্তিরা হলেন নাগরপুর উপজেলার শালিনাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে জাকির হোসেন ও আবদুল্লাহ আল মামুন।মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১ অক্টোবর গ্রামের তারা মিয়ার ছেলে মো. নাজমুল খুন হন। পরদিন নিহতের বাবা একটি হত্যা মামলা করেন।
আইনজীবীদের সূত্রে জানা যায়, দণ্ড পাওয়া ব্যক্তিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এদিকে নেত্রকোনায় দণ্ডিত ব্যক্তিরা হলেন জেলার বারহাট্টা উপজেলার পূর্বমৌয়াটি গ্রামের ইয়াহিয়া (২২), আশিয়ল গ্রামের খায়রুন্নাহার (২৪) ও সোহেল মিয়া (২৮)। গত সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ দুটি পৃথক মামলায় তাঁদের এ দণ্ড দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালে পারিবারিক কলহের জের ধরে ইয়াহিয়া কুপিয়ে মা আয়শা আক্তারকে খুন করেন। এ ঘটনায় আবদুর রেজ্জাক ছেলেকে আসামি করে একটি হত্যা মামলা করেন। অপরদিকে ২০০৬ সালে খায়রুন্নাহার ও তাঁর প্রেমিক সোহেল খায়রুন্নাহারের স্বামী জাহাঙ্গীর আলমকে খুন করেন। এ ঘটনায় নিহতের বোন সোহেল ও খায়রুন্নাহারকে আসামি করে হত্যা মামলা করেন।