টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
টাঙ্গাইলে গতকাল রোববার পৃথক দুটি হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন ও আরও তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা দুটি হচ্ছে মির্জাপুর উপজেলার পাকুল্লার শিশু লিমা ও ঘাটাইল উপজেলার আকন্দরবাইদ গ্রামের হাসমত আলী হত্যার ঘটনা। টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. আবুল মঞ্জুর মিয়া এ দুটি রায় দেন।
আদালত সূত্র জানায়, শিশু লিমা আক্তার হত্যার অভিযোগে সানমুন কোচিং সেন্টারের পরিচালক ওসমান আলী খানকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলার অপর তিন আসামি মোমেনা খাতুন, বজলুর রহমান ভূইয়া ও মহসিন খান মজলিসকে এক বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন মির্জাপুরের চুকুরিয়া গ্রামের প্রবাসী লুৎফর রহমান খানের মেয়ে লিমা আক্তারের (১২) রক্তাক্ত লাশ পাকুল্লা সানমুন কোচিং সেন্টার থেকে উদ্ধার করা হয়।
এদিকে একই আদালত ঘাটাইল উপজেলার আকন্দেরবাইদ গ্রামে চাচা হাসমত আলীকে হত্যার অভিযোগে ভাতিজা সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, ২০১৪ সালের ১২ মার্চ বিকেলে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে হাসমত আলীকে তাঁর ভাতিজা সোহেল রানা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এলাকাবাসী সোহেল রানাকে ধরে পুলিশে সোপর্দ করেন।