টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত ৪
টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দায় ও নাগরপুরের বেকড়ায় গতকাল সোমবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান রাজ জানান, সোমবার বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহিবুল হকসহ দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। মহিবুলের (২৬) বাড়ি রাজশাহীর চক্রাজাফর গ্রামে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব খান জানান, সকালে নাগরপুর উপজেলার বেকড়ায় ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুলাল মিয়া (৩০) ও নজরুল ইসলামের (৩৫) মৃত্যু হয়। এদের বাড়ি নাগরপুর উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামে। এ ঘটনায় আহত হন আরও চারজন।