টাঙ্গাইল সদর উপজেলায় গতকাল শুক্রবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত ও ১০ জন হয়েছেন। একই দিন মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকসহ দুজন এবং গত বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের টাঙ্গাইল শহর বাইপাসের সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ভোররাত সাড়ে চারটার দিকে পৌঁছালে এর চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ বাসটির তিন যাত্রী নিহত ও ১০ জন আহত হন। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মতি মিয়া (৫৫), কুড়িগ্রাম সদর উপজেলার নূর হোসেন মানিক (৩৫) ও নাগেশ্বরী উপজেলার আলমগীর হোসেনের ২৮ দিন বয়সী ছেলে আমিনুল ইসলাম।
টাঙ্গাইল সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন রায় জানান, পরিচয় পাওয়া তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় না পাওয়া নারী ও অপর একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুন্সিগঞ্জ ও দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় দাউদকান্দি সেতুর পশ্চিম পাশে গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী গজারিয়া উপজেলার পুরাতন বাউশিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা খাতুন (৪০) ও অটোরিকশাচালক চরবাউশিয়া এলাকার সিরাজ মিয়া (৪৫) নিহত এবং ওই শিক্ষকের স্বামী মোস্তফা কামাল আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। কিন্তু চালক পালিয়ে গেছেন।
ভবেচরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ জানান, নিহত ব্যক্তিদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার): গ্রাম্য বাজার থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মইডাইল গ্রামের ইসু মিয়ার স্ত্রী রবিচান বিবি (৭০)। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান তিনি। বৃহস্পতিবার রাত আটটায় মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের মইডাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।