টাঙ্গাইলে নতুন ৮৬৫ জন শিক্ষক বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগপত্রে কারা শূন্য পদে এবং কারা প্রকল্পে নিয়োগ পেয়েছেন, তা উল্লেখ না করায় টাঙ্গাইল জেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ৮৬৫ জন শিক্ষক বেতন ও বোনাস পাননি।নতুন এই শিক্ষকেরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়ে গত ২৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় কর্মস্থলে যোগ দেন তাঁরা। কিন্তু আজ পর্যন্ত তাঁরা কোনো বেতন-ভাতা পাননি। নিয়োগপত্রে কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে এবং কারা ‘দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২)’ অধীন সরাসরি সৃজিত শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন, তা উল্লেখ করা হয়নি বলেই এ জটিলতা সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অবিনাশ চন্দ্র মণ্ডল বলেন, কারা শূন্যপদে আর কারা প্রকল্পে নিয়োগ পেল, তা উল্লেখ না করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কীভাবে নিয়োগ দিলেন, তা বুঝতে পারছি না। এ জন্যই এ জটিলতা দেখা দিয়েছে।জেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আবদুল হামিদ ফরিদ বলেন, ‘আমরা দেশের বিভিন্ন জেলায় খবর নিয়ে জেনেছি, নতুন নিয়োগপ্রাপ্তদের সবাই বেতন পেয়েছেন। শুধু টাঙ্গাইলেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খামখেয়ালির কারণে নতুন নিয়োগপ্রাপ্তরা বেতন পাচ্ছেন না। ফলে চাকরি পেয়েও তাঁদের ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে।’টাঙ্গাইল সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম মৃধা জানান, গত ১০ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয় সভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন।রাজস্ব খাতে এবং প্রকল্পে নিয়োগের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে নিয়োগপত্র ইস্যুর কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. সিদ্দিকুর রহমান বলেন, এর পরও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উদ্যোগ নিলে সবার না হলেও অনেককেই বেতন দেওয়া সম্ভব হতো।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) মো. খশিউল্লাহ বলেন, কারা, কোন খাতে নিয়োগ পেলেন, তা উল্লেখ করে নিয়োগপত্র ইস্যু করার দায়িত্ব ডিপিইওর। টাঙ্গাইলে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ঈদের আগে বেতন না পাওয়ার বিষয়টি দুঃখজনক। তিনি এ ব্যাপারে টাঙ্গাইলের ডিপিইওর সঙ্গে কথা বলবেন বলে জানান।