টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ যাত্রীদের

টাঙ্গাইলের পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে পূর্বনির্ধারিত এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
১২ ফেব্রুয়ারি রাতে ধলেশ্বরী পরিবহনের চালক শাহজাহান মিয়া দুষ্কৃতকারীদের হাতে নিহত হন। এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন আজকের ধর্মঘটের ডাক দেয়।
আজ সকাল আটটার দিকে মহাসড়কের মির্জাপুর ও দেওহাটা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছে। কেউ কেউ বেশি বাড়ায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী কিংবা ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বাসে চড়ে গন্তব্যে যাচ্ছে। অনেকে বাস না পেয়ে ফিরে যাচ্ছে। আবার অনেকে বিকল্প হিসেবে অতিরিক্ত যাত্রী থাকা সত্ত্বেও ট্রেনে যাওয়ার চেষ্টা করছে।
মির্জাপুর বাসস্ট্যান্ডে কথা হয় উপজেলার গোড়াইল গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ব্যক্তিগত কাজে তিনি সাভার যেতে চেয়েছিলেন। কিন্তু স্ট্যান্ডে প্রায় পৌনে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে তিনি তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর রেলস্টেশনে কথা হয় উপজেলার চাকলেশ্বর গ্রামের ওয়াজেদ মৃধার সঙ্গে। তিনি বলেন, বাসের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন। কিন্তু বাস না পেয়ে রেলস্টেশনে যান তিনি। আসন না পেলেও কষ্ট করে দাঁড়িয়ে ট্রেনেই ঢাকা যাবেন।
মির্জাপুর উপজেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।