টাঙ্গাইলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে কালিহাতী উপজেলার ধলাটেংগুর ও বাসাইল উপজেলা সদরে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ মাসে টাঙ্গাইলে পানিতে ডুবে এ নিয়ে সাত শিশুর মৃত্যু হলো।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, দুই খালাতো বোন প্রেরণা (১০) ও রুমাইয়া (১০) বেলা দুইটার দিকে এলেঙ্গা পৌর এলাকার ধলাটেংগুর নদে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে আশপাশের লোকজন পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত প্রেরণা কালিহাতী উপজেলার বিলবর্ণি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে এবং রুমাইয়া ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের রুহুল আমীনের মেয়ে। তারা নানার বাড়ি বেড়াতে এসেছিল।
এদিকে বেলা ১১টার দিকে বাসাইল থানার পুকুরে ডুবে সানজিদা নামের দুই বছরের এক শিশু মারা গেছে। সানজিদার বাবা শাহআলম বলেন, তাঁর স্ত্রী সানজিদাকে পাশে বসিয়ে বাসাইল থানা পুলিশের ম্যাচে রান্নার কাজ করছিলেন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে থানার পুকুরে ভাসতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।
এর আগে এ মাসে সদর উপজেলা, বাসাইল ও কালিহাতী উপজেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়।