টাঙ্গাইলে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই পাবনা সদর উপজেলার অনন্যা সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা।
নিহত ব্যক্তিরা হলেন অনন্যা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবদুল হামিদ (৪২), সংস্থার প্রধান নির্বাহী ও দৈনিক পাবনা চেতনা পত্রিকার চিফ রিপোর্টার মোখলেছুর রহমান (৪৫), অপর কর্মকর্তা আজিম উদ্দিন (৪২) ও পিকআপের চালক মোস্তফা হোসেন (৪২)। দুর্ঘটনায় সংস্থাটির উপপরিচালক কে এম আলাউদ্দিন আহত হয়েছেন৷ গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, পাবনা অনন্যা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালকসহ কয়েকজন কর্মকর্তা একটি পিকআপে করে ঢাকা যাচ্ছিলেন। পিকআপটি সকাল সাড়ে সাতটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় পৌঁছালে ডালবোঝাই একটি ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।