টাঙ্গাইলে পিঠা উৎসব
গতকাল শুক্রবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পিঠা উৎসবে যেন মানুষের ঢল নেমেছিল। হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির (হ্যাবিট) একযুগ পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছিল। সকালে পৌর উদ্যান থেকে ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে দুপুরে শুরু হয় পিঠা উৎসবের। উৎসবে ৪৩টি স্টলে হরেকরকমের পিঠা প্রদর্শন করা হয়।হ্যাবিটের চেয়ারম্যান ছানায়ার হোসেনের সভাপতিত্বে বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি, টাঙ্গাইল ইউনিভার্সিটি অব রিসার্চ অ্যান্ড মডার্ন স্টাডিজের উপাচার্য এস আই খান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাহার হোসেন। এ ছাড়াও বক্তব্য দেন হ্যাবিটের নির্বাহী পরিচালক আশরাফ হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।