টাঙ্গাইলে পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ ১৩ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে পুলিশ, সাংবাদিক, যুবলীগ নেতা, হাসপাতালের কর্মীসহ মোট ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩।
নতুন করে শনাক্ত রোগীদের মধ্যে মির্জাপুর উপজেলায় একজন সাংবাদিকসহ পাঁচজন, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতাকর্মী, গোপালপুর উপজেলা যুবলীগের দুজন নেতা, কালিহাতীতে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ধনবাড়ী ও মধুপুরে একজন করে এবং ঘাটাইলে দুজন শনাক্ত হয়েছেন।
ঘাটাইলে শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন ১০ মে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি সদর ইউনিয়নের নরজনা গ্রামের বাসিন্দা। মান্নান খান ঢাকার তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। করোনা উপসর্গ নিয়ে তিনি বাড়িতে এসেছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৩। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৯ জন। মারা গেছেন ৩ জন।