টাঙ্গাইলে প্রতিবন্ধিতা-করণীয়-সম্ভাবনাবিষয়ক আলোচনা সভা

টাঙ্গাইলে প্রতিবন্ধিতা-করণীয়-সম্ভাবনাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করেন হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ও টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।
আলোচনা সভায় বক্তারা অটিজমসহ অন্যান্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু শনাক্তকরণ এবং তাদের প্রতি সমাজের দায়িত্ব সম্বন্ধে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন। মূল বক্তা হিসেবে আলোচনা করেন তরী ফাউন্ডেশন ও স্কুল ফর গিফটেড চিলড্রেনের পরিচালক, বাংলাদেশ অটিজম উত্তরণে বিশেষ সম্মাননাপ্রাপ্ত এবং বাংলাদেশে বাংলা ভাষায় অটিজমবিষয়ক বই ‘অটিজম কী এবং করণীয়’–এর লেখক মারুফা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হাজি আবুল হোসেন ট্রাস্টের কো-চেয়ারম্যান আশরাফ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠানে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন স্বেচ্ছাসেবক তরী ফাউন্ডেশনের সাবেক সদস্য গ্লোবাল চিলড্রেন প্যানেল সেভ দ্য চিলড্রেন ইউকে ও ২০১৯ সালে বাংলাদেশের সফল প্রতিবন্ধী হিসেবে সম্মাননাপ্রাপ্ত আফিয়া কবির আনিলা।
সভা শেষে মতবিনিময় ও প্রশ্নোত্তরপর্বে উপস্থিত অভিভাবকেরা বক্তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান এবং তাঁরাও প্রতিবন্ধীর প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিকনির্দেশনা দেন। সভা শেষে প্রতিবন্ধীদের নিয়ে দেশকে এগিয়ে নিতে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল তরী ফাউন্ডেশন এবং সার্বিক সমন্বয়ে রঙিন ফাউন্ডেশন।