টাঙ্গাইলে প্রার্থিতা ফিরে পেলেন ২১ প্রার্থী
টাঙ্গাইলে আপিল করে সাতটি পৌরসভার ২১ প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে দুজন মেয়র, ১২ জন কাউন্সিলর এবং সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ মো. মাহবুব হোসেন আজ শনিবার এ তথ্য জানান। এর আগে গতকাল শুক্রবার বিকেলে আপিলকারীদের শুনানি নেওয়া হয়।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রার্থিতা ফিরে পাওয়া মেয়র পদপ্রার্থীরা হলেন ধনবাড়ী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত খন্দকার মঞ্জুরুল ইসলাম এবং বিএনপির মনোনীত এস এম এ ছোবাহান। তাঁদের মনোনয়নপত্রে আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল। অন্য প্রার্থীদের কাগজপত্র-সংক্রান্ত ত্রুটিসহ বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
কাউন্সিলর পদে ধনবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. জাকারিয়া বকল, ৪ নম্বর ওয়ার্ডের মীর আবদুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ডের মো. ফজলুল হক, ৮ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন। টাঙ্গাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোজাফর আলী ও শাহজাহান মিয়া বাবু, ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আলম, ১১ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান আলীম ও ১৪ নম্বর ওয়ার্ডের সুজাউল করিম মানিক প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম ও গোপালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আবদুল খালেক মণ্ডল প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যে সাতজন প্রার্থিতা ফিরে পেয়েছেন তাঁরা হলেন মধুপুর পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের ঊষা আর্য্য, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নুর জাহান বেগম, ধনবাড়ী পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের লাইলি বেগম ও ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রহিমা বেগম। ভূঞাপুর পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের কহিনুর বেগম, কালিহাতী পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্ণালী দেব নাথ ও সখীপুর পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রহিমা আক্তার।