টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা–মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাসচাপায় দাদা-নাতি এবং ভালুকা উপজেলায় শাশুড়ি-বউয়ের মৃত্যু হয়েছে। ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও রাজবাড়ীর গোয়ালন্দে একজনের মৃত্যু হয়েছে।
এসব দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল রোববার বিকেলে মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে। নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ সদরের হালঘোষপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ বিমানের প্রকৌশলী রুস্তম আলী (৫৫), তাঁর স্ত্রী ফেরদৌস জেসমিন (৪৫), ছেলে সাদনান (১৭) ও প্রাইভেট কারচালক শহিদুল ইসলাম সরকার (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন রুস্তম আলীর আরেক ছেলে রাফছান (১২), ভাগনি তাসনিম নাবিলাকে (২০) মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, প্রাইভেট কারের যাত্রীরা নওগাঁ থেকে ঢাকায় ফিরছিলেন।
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইলের কানুরামপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে বাসের চাপায় মো. আবু সিদ্দিক (৬৫) ও মো. রাইয়ানের (৫) মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে দাদা-নাতি। এতে সিদ্দিকের পত্রবধূ নাসরিন (২৫) ও তাঁর মেয়ে ফাহিমা (২) আহত হয়েছেন। সিদ্দিক নান্দাইল উপজেলার দরিল্লা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসচালককে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিক দরিল্লা গ্রাম থেকে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন। পথে কানুরামপুর পূর্ব বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশের একটি দোকানে মোটরসাইকেল থামিয়ে দুই নাতি-নাতনিকে পানি পান করাচ্ছিলেন। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তাঁদের চাপা দেয়।
ময়মনসিংহ: ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় গতকাল সকালে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত হয়েছেন। নিহত নারীরা হলেন সালেহা খাতুন (৬০) ও পুত্রবধূ লতা বেগম (২২)। তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার নাউডোবা গ্রামে। ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত সালেহা খাতুনের ছেলে লালচান ওরফে স্বপন ভালুকার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সালেহা ঈদ উপলক্ষে ছেলের কাছে বেড়াতে আসেন। গতকাল সকালে লতাকে নিয়ে হাঁটতে বের হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়।
ঝালকাঠি: বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় গতকাল দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তারেক (২০) নামের একজনের মৃত্যু হয়। নিহত তারেক নলছিটির ঘোষেরহাট গ্রামের বাসিন্দা।
গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শ্রীদামদত্তপাড়া এলাকায় গতকাল দুপুরে বাগেরহাট থেকে ঢাকাগামী দিগন্ত পরিহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাধন বিশ্বাস (১৭) নামের এক পথচারীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। সে উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদামদত্তপাড়ার স্বপন বিশ্বাসের ছেলে এবং গোয়ালন্দ বাজারের মুদি দোকানি।
এ সময় বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ যাত্রী আহত হন। জামশেদ মোল্যা, লাকি বেগম, আনোয়ার হোসেনসহ কয়েকজন বাসযাত্রী জানান, বাসটি বাগেরহাট থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর থেকেই চালক ক্লান্ত বোধ করছিলেন। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে যাত্রীরা চালককে চোখে-মুখে পানি দিতে বলেন। কিন্তু চালক তাঁদের কথা না শুনে গাড়ি চালাতে থাকেন। শ্রীদামদত্তপাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।