টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।


আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার পৌলী এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম প্রথম আলোকে এ তথ্য জানান। 


পুলিশের ভাষ্য, বাস উল্টে দুর্ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা পোশাকশ্রমিক বা তাঁদের পরিবারের সদস্য।

নিহত ব্যক্তিরা হলেন আসমা (৪০), মোমিনুর (৪০), রিপন (৩০), সুমন (২৫ ‍) ও আসাদুল (১৫)। তাঁদের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।


সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, লালমনিরহাটের পাটগ্রাম থেকে গাজীপুরের শফিপুর আসছিল বাসটি। বাসে পোশাকশ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। কালিহাতী উপজেলার পৌলী এলাকায় স্থানীয় একটি যানবাহনকে পাশ কাটাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত পাঁচজনের লাশ কলেজের মর্গে আছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ব্যক্তিদের দেখতে সকালে হাসপাতালে আসেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।