টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার টাঙ্গাইল শহর বাইপাস সড়কের কান্দিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাকলমোয়া গ্রামের বদি দাশের ছেলে জগ দাশ (৪০), জগ দাশের স্ত্রী নন্দ রানী দাশ (৩৩) ও তাঁদের মেয়ে রঞ্জনা রানী দাশ (১০) এবং একই উপজেলার চাকলমা গ্রামের পোপী দাশের স্ত্রী বিড়বালা রানী দাশ (৪০)।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আশরাফ উল আলম জানান, গতকাল দুপুরে ঢাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক সদর উপজেলার শহর বাইপাস সড়কের কান্দিলা এলাকায় পৌঁছে। এ সময় ওই ট্রাকটির সঙ্গে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের ডোবার পানিতে পড়ে যায়। এ সময় সিমেন্টের বস্তার ওপর থাকা ট্রাকের আরোহীরা বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু ও দুজন নারী রয়েছেন। সড়ক দুর্ঘটনার কারণে বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি সরানোর পর যান চলাচল শুরু হয়।
দুর্ঘটনায় আহত বগুড়ার নন্দীগ্রামের কাঞ্চি রানী জানান, কম ভাড়ায় তাঁরা গাজীপুরের চৌরাস্তা থেকে সিমেন্টবোঝাই ট্রাকটিতে উঠেছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর তারা পানিতে ডুবে থাকা সিমেন্টের বস্তার নিচ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে। এসব লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আহত ১৫ জনের মধ্যে ৮ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।