টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসের নগরজলফৈ এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম জানান, রাত সাড়ে আটটার দিকে আশেকপুর নগরজলফৈ এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী একজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আরও পাঁচ যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।