টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আজ বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান বলেন, জয়পুরহাট থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি বিকেলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কাপড় ও যাত্রী নিয়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন আরোহী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাপড় ব্যবসায়ী রাজু আহমেদ (৩৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর গ্রামের খাদেম আলী (৩৫) ও আফজালপুর গ্রামের আবদুর রহমান (৫০)। পুলিশ আহত ছয়জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশ তিনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।