টাঙ্গাইলে বাসচাপায় সেনাসদস্য নিহত
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের রেলস্টেশনের কাছে বাসচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম মমিনুল ইসলাম (২৭)। তিনি বঙ্গবন্ধু সেনানিবাসে ৩৬ বেঙ্গল রেজিমেন্টের করপোরাল পদে
কর্মরত ছিলেন। এ সময় গুরুতর আহত হন তাঁর শাশুড়ি সখিনা বেগম (৫৫)।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, করপোরাল মমিনুল ইসলাম তাঁর শাশুড়ি সখিনা বেগমকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী অটোরিকশাটি রেলস্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনুল ইসলাম নিহত হন। আহত সখিনা বেগমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মমিনুলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার গাদাবাড়িয়া গ্রামে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।