টাঙ্গাইলে বিএনপি নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে শহরের বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার সদর উপজেলায় ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি।
রফিকুল ইসলাম বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছিলেন।
সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সকাল সাড়ে ছয়টার দিকে শহরের আকুরটাকুর তালতলার বাসা থেকে প্রাতর্ভ্রমণে বের হন। বাসার সামনে বটতলা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা রফিকুল ইসলামকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাথার ক্ষতের ধরন দেখে বোঝা যাচ্ছে, মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, টাঙ্গাইলের চরাঞ্চলে নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের সদস্যরা এ ঘটনা ঘটাতে পারে।তবে রফিকুল ইসলামের ছোট ভাই টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আজাহারুল ইসলামের দাবি, গত ইউপি নির্বাচনে রফিকুল ইসলামের কাছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরাজিত হন। তার পর থেকে তাঁরা তাঁর ভাইকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। এই চক্র ভাড়াটিয়া খুনিদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
রফিকুল ইসলামের নিহত হওয়ার খবরে দাইন্যা এলাকায় তাঁর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর তাঁরা চারাবাড়ী এলাকায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারা মিয়ার ওপর হামলা চালান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মনছুর আরিফ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তারা মিয়াকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।