টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের প্রভাষক শেখ ফরিদের ওপর হামলাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল দুপুর দুইটায় শহরের নিরালার মোড়ে শহীদ মিনারের সামনে আয়োজিত ওই কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি কলেজের শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ওসমান ভূঁইয়া, জেলা শাখার সভাপতি আলীম আল-রাজী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মনিরুজ্জামান মিয়া, আনিসুর রহমান প্রমুখ। বক্তারা হামলাকারী অধ্যক্ষ শফিউদ্দিন খোশনবীশের শাস্তি দাবি করে তাঁর এমপিওভুক্তি বাতিলসহ চাকরি থেকে অপসারণের দাবি জানান।এর আগে গত রোববার টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খান বলেন, ১৫ মে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান দ্বিতীয়পত্র ও পৌরনীতি দ্বিতীয়পত্র পরীক্ষায় টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজ কেন্দ্রের একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ ফরিদ। পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিউদ্দিন খোশনবীশ ওই কক্ষে ঢুকে শেখ ফরিদকে প্রশ্নপত্র বিতরণের জন্য চাপ দেন। এ সময় শফিউদ্দিন খোশনবীশের কাছে তাঁর পরিচয় জানতে চাইলে তিনি শেখ ফরিদের প্রতি আক্রমণাত্মক বাক্যপ্রয়োগ ও গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই দিন বেলা পৌনে তিনটার দিকে শফিউদ্দিন খোশনবীশ আবার কলেজে গিয়ে উপাধ্যক্ষের কাছে শেখ ফরিদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ সময় শেখ ফরিদ উপাধ্যক্ষের কক্ষে ঢুকলে আবার তাঁর ওপর হামলা করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ব্যাপারে ওই দিনই টাঙ্গাইল সদর থানায় কলেজের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রোববার শেখ ফরিদ নিজে বাদী হয়ে অধ্যক্ষ শফিউদ্দিন খোশনবীশের বিরুদ্ধে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেছেন।