টাঙ্গাইলে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের সিটি ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী সাদিকুর রহমান দীপুকে গতকাল মঙ্গলবার রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় তাঁর ভাই সায়েম ও সায়েমের বন্ধু রুবেল আহত হয়েছেন।সাদিকুর ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক। তিনি জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সহসভাপতি ফজলুল করিমের ছেলে।পুলিশ জানায়, সাদিকুরের ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল রাত সাড়ে আটটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় সন্ত্রাসীরা এসে তাঁকে গুলি করে। এ সময় সায়েম ও রুবেল তাঁকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এ সময় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে সাদিকুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাবের টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার এম হাফিজ আক্তার ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান জানান, সাদিকুরকে গলার কাছে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। আহত সায়েম ও রুবেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।এদিকে এ ঘটনায় রাতে ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ রাজিব জানান, নিহত সাদিকুর যুবলীগের কর্মী ছিলেন।