টাঙ্গাইলে ব্যবসায়ী সাদিকুর রহমান দিপুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার ব্যবসায়ী ঐক্যজোট বিক্ষোভ সমাবেশ করে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে গতকাল তাঁর দাফন সম্পন্ন হয়েছে।গত মঙ্গলবার রাতে শহরের ভিক্টোরিয়া রোডের সিটি ইলেকট্রনিকসের মালিক এবং ওই রোড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদিকুরকে কয়েকজন সন্ত্রাসী দোকানে ঢুকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।ময়নাতদন্ত শেষে দিপুর লাশ গতকাল দুপুরে তাঁদের সাবালিয়া এলাকার বাসভবনে নেওয়া হয়। বিকেলে সাবালিয়া মসজিদের পাশে প্রথম এবং শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।এদিকে দিপু হত্যার প্রতিবাদে গতকাল ভিক্টোরিয়া রোড ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন। জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে স্থানীয় শহীদ মিনারে জোটের সভাপতি আবুল কালাম মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী তালুকদার, পৌর মেয়র শহিদুর রহমান খান, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর খান, জোটের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান, নুরুল গণি, তারিকুল ইসলাম প্রমুখ ব্যবসায়ী নেতা বক্তব্য দেন।আবুল কালাম মোস্তফা জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা সর্বস্তরের ব্যবসায়ীরা পাঁচ দিন কালো ব্যাজ ধারণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করবেন।সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে দিপুর বাবা ফজলুল করিম নয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) মাইনউদ্দিন জানান, তদন্তের স্বার্থে আসামির নাম প্রকাশ করা হচ্ছে না।