টাঙ্গাইলে ব্যবহারিক শিক্ষা ও প্রদর্শনী সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে শাহীন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত দুই দিনব্যাপী ব্যবহারিক শিক্ষা ও প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। স্থানীয় শহীদ সঞ্চৃতি পৌর উদ্যানে এই প্রদর্শনীতে ১২টি বিজ্ঞানাগার স্থাপন করে তাপ সঞ্চালন, এসিড-ক্ষার নির্ধারণ, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীসহ ১২টি বিষয়ের ওপর প্রদর্শনীতে আসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।প্রদর্শনীতে স্থান পাওয়া ১২টি স্টলে বিজ্ঞান বিষয়ে হাতেকলমে বাস্তব জ্ঞান লাভের সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা। এসব স্টলে সকাল থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা গেছে।গতকাল বিকেলে অংশগ্রহণকারী ১২টি স্টলের মধ্যে তিনটিকে পুরস্কৃত করা হয়। স্টলগুলো হচ্ছে: মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, অপুষ্পক উদ্ভিদ এবং লবণ তৈরি ও শনাক্তকরণ। শাহীন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাছুদুল আমিন গতকাল বিজয়ী স্টলের মাঝে পুরস্কার বিতরণ করেন। মো. মাছুদুল আমিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যাতে মুখস্থবিদ্যায় পারদর্শী না হয়ে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে হাতেকলমে শিখে নিজের মতো করে লিখতে পারে এবং বলতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।’