টাঙ্গাইলে ভোটার কম, সহিংসতা হয়নি
টাঙ্গাইল জেলায় গত কয়েক দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে ব্যাপক কারচুপির ঘটনা ঘটলেও শেষ দফায় সুষ্ঠু নির্বাচন হয়েছে৷ গতকাল সোমবার বাসাইল উপজেলা পরিষদের নির্বাচনে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি৷
আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদসহ দলের বড় একটি অংশ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া, প্রশাসনের কঠোর অবস্থান, টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী খান পরিবার দলীয় প্রার্থীর পক্ষে জোরালো অবস্থান না নেওয়াসহ কয়েকটি কারণে এবার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করেন এলাকাবাসী৷ গতকাল নির্বাচন চলাকালে অন্তত ১০টি কেন্দ্র ঘুরে এবং বিভিন্ন পর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে৷
গতকাল বাসাইলের ৪৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়৷ মোট ভোটার এক লাখ ১৯ হাজার ২৩ জন৷ চেয়ারম্যান পদে পাঁচজন ছাড়াও দুটি ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ চেয়ারম্যান পদে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি-সমর্থিত শহিদুল ইসলাম, আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী (সাবেক জাসদ নেতা) আবদুর রহিম আহমেদের মধ্যে৷ দুপুর পর্যন্ত তিনজন প্রার্থীই প্রথম আলোকে বলেছেন, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে৷
নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম৷ এর মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ সকাল নয়টায় গুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি না থাকার মতো৷ দুপুরের পর আবার এই কেন্দ্রে গেলে কোনো লাইন দেখা যায়নি৷ ধান কাটার মৌসুমের কারণে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম বলে দাবি করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান৷ উপজেলা সদরের এমদাদ-হামিদা ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় গিয়ে জানা যায়, এক হাজার ৬০৫ জন ভোটারের মধ্যে তখন পর্যন্ত ভোট দিয়েছেন ২৮৭ জন৷ বিকেলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম হোসেন জানান, ৫০ শতাংশের মতো ভোট পড়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন, সরকার চাইলেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব৷ আগেরগুলো চায়নি বলে সুষ্ঠু হয়নি৷ এবার চেয়েছে তাই সুষ্ঠু হয়েছে৷