টাঙ্গাইলে মাটিচাপা পড়ে তিন গৃহবধূর মৃত্যু, আহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাটিচাপা পড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক গৃহবধূ। গতকাল বুধবার উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী জানায়, গ্রামের পাশ দিয়ে প্রবাহিত যমুনার শাখা নদী থেকে স্থানীয় লোকজন মাটি কেটে বাড়ির উঠানের নিচু অংশ ভরাটসহ প্রয়োজনীয় কাজ করে থাকে। গতকাল এলাকার লোকজন ওই নদী থেকে মাটি কাটছিল। দুপুরের দিকে মাটি কাটার সময় নদীর পাড় ভেঙে তিন গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। তাঁরা হলেন গ্রামের আক্তার হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৫০), মজনু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও আরিফ মিয়ার স্ত্রী সালমা বেগম (৩০)। আহত অপর গৃহবধূ হলেন আমেনা বেগম (৪০)। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, যমুনার শাখা নদী থেকে গর্ত করে মাটি কাটছিল অনেকেই। হঠাৎ করেই গর্তের ওপরের অংশ ভেঙে পড়ে। এ সময় চার নারী মাটিচাপা পড়েন। উপস্থিত লোকজন তাত্ক্ষণিক উদ্ধারকাজ শুরু করলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম ওই তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।