টাঙ্গাইলে যুবলীগ-কৃষক শ্রমিক জনতা লীগের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে গতকাল শুক্রবার বিকেলে যুবলীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বহরের দুটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, কাদের সিদ্দিকী গতকাল ভূঞাপুরের ভালকুটিয়ায় তাঁর মালিকানাধীন সোনার বাংলা প্রকৌশলিক সংস্থার নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি রাখার জায়গায় মিলাদ মাহফিলের আয়োজন করেন। পাশে মাটিকাটা মোড়ে গোবিন্দাসী ইউনিয়ন শাখা যুবলীগ সমাবেশ আহ্বান করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে কাদের সিদ্দিকী গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে মিলাদ মাহফিলে যাচ্ছিলেন। যুবলীগের সমাবেশস্থল অতিক্রম করার সময় যুবলীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় যুবলীগের কর্মীদের হামলায় কাদের সিদ্দিকীর বহরের দুটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর হয়। হামলায় কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী রুহুল, মানিক, সাদেক, বিপ্লব, সুমন, আরিফ, কোহিনুর, রাজ্জাক আহত হন বলে দলের জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দাবি করেছেন। ঘটনার ছবি তুলতে গিয়ে কালের কণ্ঠ পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আবদুর রাজ্জাক আহত হন। তাঁকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি শওকত রেজা বলেন, ‘আমাদের সভাস্থল অতিক্রম করার সময় কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীরা হামলা চালায়। হামলা প্রতিহত করতে গিয়ে এই ঘটনা ঘটে।’ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সংঘর্ষের সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে অবস্থান নেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর কাদের সিদ্দিকী ভূঞাপুরের দিকে চলে যান। ঘটনার ব্যাপারে কোনো পক্ষ সন্ধ্যা সাতটা পর্যন্ত মামলা করতে আসেনি বলেও তিনি জানান।