টাঙ্গাইলে যুবলীগের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
টাঙ্গাইলে জেলা যুবলীগের সহসভাপতি রবি খানের (৪৫) বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই নারী গতকাল শনিবার যুবলীগের নেতার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন।এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাঠকর্মী ওই নারী সদর উপজেলার ভাতকুড়া গ্রাম থেকে কিস্তির টাকা তুলে তারুটিয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ফিরছিলেন। তারুটিয়া হাইপ্রেসার সিএনজি স্টেশনের কাছে পৌঁছানোর পর যুবলীগের নেতা রবি খান তাঁকে গ্রামীণ ব্যাংকের দপ্তরে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁর মোটরসাইকেলে ওঠান। পরে ওই নারীকে কার্যালয়ে পৌঁছে না দিয়ে রবি খান তারুটিয়ায় নিজের ইটভাটার একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তিনি চিত্কার করার চেষ্টা করলে রবি খান তাঁকে হত্যার হুমকি দেন। কিছুক্ষণ পর সহকর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।ধর্ষণের শিকার ওই মাঠকর্মী জানান, ঘটনার পরদিন এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিলেও রবি খান ও তাঁর লোকজন প্রভাব খাটিয়ে মামলা করা থেকে তাঁকে বিরত রাখেন।মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) কোহিনুর মিয়া জানান, আসামি রবি খান পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ রোববার ওই মাঠকর্মীর ডাক্তারি পরীক্ষা করা হবে।