টাঙ্গাইলে যৌনপল্লি ফের স্থাপনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লি আবার স্থাপনের প্রতিবাদে আগামী বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদ থেকে কমিটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে কমিটির নেতারা এ ঘোষণা দেন।
হাইকোর্টের একটি বেঞ্চের আদেশ নিয়ে কান্দাপাড়া থেকে উচ্ছেদ হওয়া যৌনকর্মীরা গত সোমবার আবার ফিরতে শুরু করেন। তাঁদের আবার ফিরে আসার খবরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম জানান, তিনি কান্দাপাড়া থেকে উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের পক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ যৌনপল্লি থেকে কর্মীদের উচ্ছেদ না করতে বিবাদীদের প্রতি আদেশ দেন। আদেশে যৌনকর্মীদের সামাজিকভাবে হয়রানি না করার জন্যও বলা হয়।
রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, টাঙ্গাইল পতিতাপল্লি উচ্ছেদ কমিটির আহ্বায়ক এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মওলানা আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক আবদুল জলিলকে বিবাদী করা হয়।
যৌনকর্মীদের সংগঠন নারী মুক্তি সংঘের সভাপতি আকলিমা বেগম প্রথম আলোকে জানান, হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদনের আদেশের ভিত্তিতে তাঁরা পল্লিতে ফেরত এসেছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, যৌনকর্মীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশনা-সংবলিত হাইকোর্টের একটি আইনজীবী সনদপত্র (ল’ইয়ার সার্টিফিকেট) তাঁরা পেয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ জুলাই টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতিতে বহুল আলোচিত খান পরিবারের ক্যাডারদের হুমকি এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আন্দোলনের মুখে টাঙ্গাইল যৌনপিল্লর কর্মীরা চলে যেতে বাধ্য হন। এরপর খান পরিবার-সমর্থিত লোকজন যৌনপল্লির সব বাড়িঘর গুঁড়িয়ে দেন। ৩ সেপ্টেম্বর যৌনকর্মীরা সেখানে ফিরে এসেছিলেন। তখন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি আন্দোলন শুরু করে। পরে প্রশাসন ৫ সেপ্টেম্বর পুনর্বাসনের কথা বলে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।