টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে গতকাল সোমবার রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগির সংযোগস্থলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কেউ হতাহত বা কোনো ক্ষতি হয়নি।

টাঙ্গাইলের রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বেলা ১১টা ২০ মিনিটে ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছায়। সেখানে ট্রেন থেকে যাত্রীরা নামার সময় দেখতে পায় দুটি বগির মাঝের সংযোগস্থলে আগুন জ্বলছে। এ সময় যাত্রীরা দ্রুত বগি থেকে নেমে যায়। রেলস্টেশনের দায়িত্বরত কর্মী দ্রুত অগ্নিনির্বাপণ গ্যাস দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

রেলকর্মীদের বরাত দিয়ে ইসমাইল হোসেন বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে তার দিয়ে বিভিন্ন বগিতে সংযোগ দেওয়া হয়, যা সার্ভিস লাইন নামে পরিচিত। দুই বগির সংযোগস্থলে ওই লাইনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এ ঘটনায় কোনো ক্ষতি হয়নি।

আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা পরীক্ষা করে দুটি বগির সংযোগস্থল নিরাপদ বলে জানান।