টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলা টেঙ্গর নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ইব্রাহীমাবাদ রেল স্টেশনের (বঙ্গবন্ধু সেতু পূর্ব) মাস্টার আবদুল মান্নান জানান, রংপুর এক্সপ্রেস ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। বেলা পৌনে তিনটার দিকে ট্রেনটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারী সব রেল বন্ধ রয়েছে।
আবদুল মান্নান আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার খবর ঢাকায় জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এলে বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি।
রংপুর এক্সপ্রেসের চালক আনোয়ার হোসেন জানান, ট্রেনটির বঙ্গবন্ধু সেতুর আগে ইব্রাহীমাবাদ স্টেশনে থামার কথা ছিল। তাই ট্রেনের গতি ছিল কম। এ জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
এদিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আসা চিত্র এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে আটকা পড়েছে। ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস গাজীপুরের মৌচাকে এবং ঈশ্বরদীগামী লোকাল ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে আটকা পড়ে রয়েছে।