টাঙ্গাইল পৌরসভার চেয়ে গ্রামের রাস্তা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার প্রিন্স রোড ডুবে আছে নোংরা পানিতে। শহরের কেন্দ্রস্থলের এই এলাকাতেই বসবাস পৌর মেয়র, প্যানেল মেয়রের। এ এলাকার অধিবাসী শহিদুল ইসলাম বললেন, ‘বছরের চার মাসই এই রাস্তা থাকে এ অবস্থায়। দেখার কেউ নেই।’

টাঙ্গাইল পৌর এলাকার সব কটি রাস্তারই এমন বেহাল। কোনো কোনো রাস্তায় বিটুমিনের চিহ্ন পর্যন্ত নেই। খানাখন্দে ভরে গেছে রাস্তাগুলো। একটু বৃষ্টি হলেই পানি-কাদায় একাকার হয়ে হয়ে যায়। ফলে শহরের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ৩১ দশমিক ৯৯ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট টাঙ্গাইল পৌরসভার মোট রাস্তার পরিমাণ ৩৫২ দশমিক ৬৩ কিলোমিটার। এর মধ্যে ১৭৪ দশমিক ৩২ কিলোমিটার পাকা, ৪৩ দশমিক ১৭ কিলোমিটার সিসি ঢালাই রাস্তা, ১৩ দশমিক ৭৬ কিলোমিটার ইটের রাস্তা এবং বাকি সব কাঁচা রাস্তা। পৌরসভার সূত্রমতে, পৌর এলাকার প্রতিটি রাস্তাই ভাঙাচোরা। দু-একটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শহরের বেবিস্ট্যান্ড থেকে কলেজপাড়া হয়ে আকুরটাকুর বটতলা পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের কান্দাপাড়া, দিঘুলিয়া মোড়, কলেজপাড়া, পার্ক বাজার এলাকাসহ প্রায় পুরোটিতেই বিটুমিন উঠে গেছে অনেক আগেই। ওই সব এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এ ছাড়া মূল শহরের কালীবাড়ি রোড, মসজিদ রোড, থানাপাড়া প্রিন্স রোড, দিঘুলিয়া রোড, বেড়াডোমা রোড, ক্লাব রোড, বিন্দুবাসিনী গার্লস স্কুল থেকে ছোটকালীবাড়ি এবং রেজিস্ট্রিপাড়া রোড, জেলা সদর এলাকার কোর্ট রোড, ডিসি অফিস রোড, সাবালিয়া, কোদালিয়া এলাকার হাসপাতালের আশপাশের রোড, বেতকা মুন্সিপাড়া রোডসহ প্রতিটি রাস্তাই খানাখন্দে ভরা। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে এসব রাস্তা মেরামতের কোনো কাজ হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।
জেলা সদর আদালত এলাকার রাস্তাও ভাঙাচোরা। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তায়। আদালতে আসা হেকমত আলী জানান, জেলার সব অফিস আদালত এই এলাকায়। গুরুত্বপূর্ণ এলাকাটির রাস্তার এই হাল।
ফলে পথ চলতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় শহরের মানুষের। সাবালিয়া এলাকার হামিদুর রহমান বলেন, ‘রিকশায় চলতে গিয়ে ভাঙা রাস্তার কারণে ঝাঁকিতে দম বের হয়ে আসে। পৌরসভার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই।’
কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহ আজিজ জানান, তাঁদের এলাকার রাস্তা এতই খারাপ যে বাসা পর্যন্ত ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায় না। অন্য জায়গায় গাড়ি রেখে বাসায় ফিরতে হয়।
শহরের বেহাল সড়কের মাসুল নাগরিকেরা দিচ্ছেন নানাভাবে। এর মধ্যে একটি হলো রিকশার অত্যধিক ভাড়া।
বিশ্বাস বেতকা এলাকার গৃহবধূ মিলি রহমান বলছিলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় রিকশাভাড়া ৫০ ভাগের বেশি বেড়ে গেছে। ফলে সন্তানদের স্কুলে আনা নেওয়ায় অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে।’ আলী হোসেন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক বললেন, ‘পৌর এলাকার রাস্তার চাইতে উপজেলা পর্যায়ে গ্রামের রাস্তাও অনেক ভালো। পৌর এলাকায় অটোরিকশা চালাইতে গেলে বিপদ।’
এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুপ্র) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক মঞ্জু রানী প্রামাণিক বলেন, ‘পথ চলতে জনগণের দুর্ভোগের সীমা নেই। কিন্তু পৌরসভার এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।’
টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মির্জা আরিফ জানান, বাংলাদেশ মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) আওতায় বেশ কয়েকটি রাস্তার উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেওয়া হয়েছে।
শহরের রাস্তার এই করুণ দশার জন্য পৌর মেয়র দায়ী করেন আগের পরিষদকে।
মেয়র জামিলুর রহমান বলেন, ‘বিগত পরিষদের সময় পৌর এলাকার কোথাও কোনো উন্নয়নকাজ হয়নি। এ কারণে অনেক কাজই বর্তমান পরিষদ করতে শুরু করে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা ও ড্রেনের কাজ সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টির মৌসুম শেষ হলেই ভাঙাচোরা রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন করা হবে।’