টাঙ্গাইলে শাড়ির বাজারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে পয়লা বৈশাখের বাজার ধরতে না পেরে টাঙ্গাইলের শাড়ির কারিগরদের মাথায় হাত পড়েছে। প্রচুর শাড়ি নিয়ে বসে থাকলেও ক্রেতারা আসতে পারছেন না। ফলে পয়লা বৈশাখ সামনে রেখে লোকসানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।তাঁতশিল্পী ও ব্যবসায়ীরা জানান, একসময় শুধু ঈদ ও পূজা—এই দুটি উৎসবেই বেশি বেশি শাড়ি বিক্রি হতো। এ দুটি উৎসবই ছিল তাঁদের ব্যবসার মূল লক্ষ্য। ১০-১২ বছর ধরে পয়লা বৈশাখেও একটি বড় বাজার তৈরি হয়েছে, যা ঈদ বা পূজা থেকে কোনো অংশে কম নয়। তাই তাঁরা প্রতিবছর পয়লা বৈশাখ সামনে রেখে প্রচুর শাড়ি উৎপাদন করেন। এপ্রিলের শুরুতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা এসে শাড়ি নিয়ে যান। সেই সঙ্গে অনেক খুচরা ক্রেতাও তাঁতিবাড়ি ঘুরে ঘুরে শাড়ি কিনে থাকেন। কিন্তু এ বছর হরতালের কারণে ক্রেতারা আসতে না পারায় তাঁদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।গত বুধবার সরেজমিনে টাঙ্গাইলের শাড়ির রাজধানী খ্যাত দেলদুয়ার উপজেলার পাথরাইলে দেখা যায়, প্রতিটি তাঁতিবাড়িতেই পয়লা বৈশাখ উপলক্ষে উৎপাদিত শাড়ির মজুত নিয়ে তাঁতিরা বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। রাধেশ্যাম বসাকের বিক্রয়কেন্দ্রে আলাপকালে তিনি জানান, পয়লা বৈশাখে সাধারণত লাল-সাদা রংয়ের মধ্যে বিভিন্ন নকশার শাড়ি উৎপাদন করা হয়। এ শাড়িগুলো এ সময় বিক্রি না হলে অন্য সময় বিক্রির সম্ভাবনা থাকে না। তাই এবার তাঁতিদের টানা হরতালের কারণে লোকসানের মুখে পড়তে হবে।প্রসিদ্ধ শাড়ি ব্যবসাকেন্দ্র যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির পরিচালক খোকন বসাক বলেন, ‘বাকিতে যে শাড়িগুলো পাইকারি বিক্রি হয়েছে, সে টাকা পেতেও আমাদের বেগ পেতে হবে। কারণ, হরতালের জন্য ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। তাঁরা বিক্রি করতে না পারলে আমাদের টাকা দেবেন কোথা থেকে।’ তাঁতি নেতারা জানান, অনেক খুদে তাঁতিকে লোকসান কাটিয়ে উঠতে সমস্যায় পড়তে হবে। অনেকেই বাকিতে সুতা এনে কাপড় উৎপাদন করেছিলেন। তাঁদের এ ক্ষতি পোষাতে গিয়ে ঋণের ফাঁদে পড়তে হবে। তাই তো আক্ষেপ করে শাড়ি ব্যবসায়ী সুবীর বসাক বলেন, হরতাল এবার পয়লা বৈশাখের বাজার শেষ করে দিয়ে গেল।টাঙ্গাইল শাড়ি ও বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রঘুনাথ বসাক জানান, টাঙ্গাইল অঞ্চলের তাঁতিরা এবার পয়লা বৈশাখের জন্য চার লক্ষাধিক শাড়ি উৎপাদন করেছেন। কিছু শাড়ি এ মাসের শুরুতে পাইকারি বিক্রি হলেও অধিকাংশ শাড়ি অবিক্রীত রয়ে গেছে।