টাঙ্গাইলে শিশুকে নিয়ে ট্রেনের নিচে মা, লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

টাঙ্গাইলে মা ও দেড় বছরের শিশুপুত্রের ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন বলছে, ওই নারী শিশুপুত্রকে নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গড়াসিন গ্রামে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথে এ ঘটনা ঘটে।

ওই মায়ের নাম বৃষ্টি আক্তার (২০)। তিনি সদর উপজেলার নামদার কুমুল্লী গ্রামের সৌদিপ্রবাসী শাহীনুল ইসলামের স্ত্রী। তাঁর বাবার বাড়ি গড়াসিন গ্রামে।

স্থানীয় লোকজন জানান, বৃষ্টি আক্তারের সঙ্গে তাঁর স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে কলহ চলছিল। তিন দিন আগে রাগ করে তিনি বাবার বাড়ি চলে আসেন। দুপুরে বৃষ্টি তাঁর শিশু ছেলে ফাহাদকে নিয়ে বাবার বাড়ির এলাকার রেললাইনে যান। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় ছেলেকে নিয়ে ট্রেনের সামনে লাফিয়ে পড়েন বৃষ্টি। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়। করটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী বলেন, তিনি শুনেছেন পারিবারিক কলহের জের ধরে বৃষ্টি তাঁর শিশুকে নিয়ে ট্রেনের সামনে লাফিয়ে পড়েন।

টাঙ্গাইলের স্টেশনমাস্টার জালাল উদ্দিন বলেন, ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর লাশ দুটি তাঁদের পরিবারের লোকজন নিয়ে গেছে।