টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী রিমা খাতুন (১০) ও আলম মিয়া (৩০) নিহত হন। তাঁদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়।
আহত অন্য ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজে একজন মারা গেছেন বলে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। তাঁর নাম জানা যায়নি।