টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ট্রাক ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামানের ভাষ্য, সকালে উত্তরবঙ্গগামী ট্যাক্সিক্যাবটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্যাক্সিক্যাবের তিনজন যাত্রী নিহত হন। আহত হন আরও ছয়জন। আহত যাত্রীদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। নিহত তিনজনের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে আটক করা হয়েছে; কিন্তু চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত মামলা হয়নি।