বরিশাল ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৬
টাঙ্গাইল: দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঔখোলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও পৌলীর টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে আজ সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের মেলান্দহের বন্যা (৩০), তাঁর মেয়ে রাত্রি (৮), অজ্ঞাতনামা অটোরিকশাচালক ও ট্রাকচালক আজম মিয়া (২৮)।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট জামাল হোসেন জানান, সকাল সাড়ে সাতটার দিকে মির্জাপুর থেকে টাঙ্গাইলগামী সিএনজিচালিত একটি অটোরিকশা বাঔখোলা এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর অটোরিকশার আরোহী বন্যা ও তাঁর মেয়ে রাত্রি মারা যান। এ ঘটনায় বন্যার স্বামী রাসেল ও ছোট মেয়ে তৃষাসহ আরও চারজন আহত হন।
ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পৌলীতে একটি ট্যাংক লরি ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক আজম মিয়া (২৮) ঘটনাস্থলে নিহত হন। আজম চট্টগ্রামের পতেঙ্গা কাঠঘর এলাকার রুহুল আমিনের ছেলে।
সার্জেন্ট জামাল হোসেন জানান, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল: উজিরপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল-আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মেয়েটির বাবা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘শিশু তাহিরা (৪) ঘটনাস্থলে নিহত হয়। আর বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান মা মিলি বেগম (২০)। গুরুতর আহত আমিরুল ইসলামকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আমিরুল তাঁর শ্বশুরবাড়ি আগৈলঝাড়া থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বরিশাল নগরের কাশিপুরের বাড়িতে ফিরছিলেন। রাত ১০টার দিকে আটিপাড়া এলাকায় খুলনা থেকে বরিশালগামী একটি প্রাইভেট কার ওই মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দেয়। আরোহীসহ মোটরসাইকেলটি মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বরিশাল থেকে গৌরনদীগামী এলাহী ট্রেডার্সের একটি ট্রাক মোটরসাইকেলসহ আরোহীদের চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ওসি ইকবাল হোসেন জানান, ট্রাক ও প্রাইভেট কার আটক করা হয়েছে। ট্রাকের চালক আলতাফ হোসেনকে আটক করেছে পুলিশ। প্রাইভেট কারের চালক পলাতক।