টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
টাঙ্গাইলে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনাগুলো ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লায় বালুভর্তি একটি ট্রাক ও যাত্রীবাহী ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা দুর্ঘটনাকবলিত ট্যাক্সিক্যাবের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের চালক ও এক আরোহী নিহত হন।
ট্যাক্সিক্যাবের চালকের নাম শফিকুল ইসলাম (৩৮)। তাঁর বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রামে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ট্রাক ও ট্যাক্সিক্যাবের আরও চারজন আরোহী আহত হন। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার কিছুক্ষণ পর একই স্থানে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের নুর মোহাম্মদ (২৫) নামের এক যুবক নিহত হন।
সকাল নয়টার দিকে একই স্থানে বগুড়া থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সিরাজুল ইসলাম (৪০) নিহত হন।
এ ছাড়া ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় অটোরিকশার সঙ্গে রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লক্ষ্মণ চন্দ্র পাল (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত চারজন। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।