টাঙ্গাইলে সাংসদ আমানুরের জামিন নামঞ্জুর, আদালত এলাকায় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান খানের (রানা) জামিন আবেদন বুধবার নামঞ্জুর করেছেন আদালত।
এদিকে আদালত এলাকায় আমানুরের সমর্থকেরা মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় গুলিসহ পিস্তল, দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালত সূত্র জানায়, টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদা খানের আদালতে গত ৫ আগস্ট জামিনের আবেদন করেন সাংসদ আমানুরের আইনজীবীরা। আদালত ৮ আগস্ট জামিন আবেদনের শুনানি শেষে ৫ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন জামিনের বিষয়ে আদেশ দেওয়ার কথা জানান।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় কাশিমপুর কারাগার থেকে আমানুরকে টাঙ্গাইল আদালতে আনা হয়। বেলা ১১টায় প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফারুক হত্যা মামলার কার্যক্রম শুরু হয়। এ মামলার সাক্ষী ফারুক হোসেন সনির সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকায় তা হয়নি।
পরে আমানুরের আইনজীবী আবদুল বাকী মিয়া ও ফায়জুর রহমান জামিনের বিষয়টি উত্থাপন করেন। তাঁরা আদালতকে জানান, দীর্ঘ প্রায় দুই বছর ধরে সাংসদ আমানুর কারাগারে আছেন। তিনি জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। কারাগারে থাকায় তাঁর নিজ এলাকা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তা ছাড়া তার শারীরিক অবস্থাও ভালো নয়। এসব কারণে জামিন চেয়ে আইনজীবীরা বলেন, জামিন মঞ্জুর করা হলে মুক্তি পেয়ে তাঁর পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ সময় অনুমতি নিয়ে আমানুর বলেন, তিনি ফারুক হত্যার সঙ্গে জড়িত নন। পুলিশ এই মামলায় গ্রেপ্তারকৃত রাজা ও মোহাম্মদ আলীকে নির্যাতন করে তাঁকে (আমানুর) এ হত্যার সঙ্গে জড়িত করে জবানবন্দি আদায় করেছে। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পর দীর্ঘদিন কারাগারে আছেন। যেকোনো শর্তে তিনি জামিন প্রার্থনা করেন।
জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে নিয়োজিত অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান এবং বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম। তাঁরা আদালতকে জানান, এই মামলায় দুজন আসামি এবং তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে ফারুক আহমেদ হত্যাকাণ্ডে সাংসদ আমানুর রহমান খান রানার প্রত্যক্ষ জড়িত থাকার কথা উঠে এসেছে। এ ছাড়া আমানুরের বিরুদ্ধে আরও হত্যাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। ফারুক হত্যা মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায় রয়েছে। এই মুহূর্তে তিনি জামিন পেলে সাক্ষীদের ভয়ভীতি দেখাতে পারেন। এতে সাক্ষ্য গ্রহণ ব্যাহত হতে পারে।
পরে বিকেলে আদালত আমানুরের জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ দিয়েছেন ২৭ সেপ্টেম্বর।
এদিকে আমানুরকে হাজির করাকে কেন্দ্র করে আজ আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আমানুর ও তাঁর ভাইদের বিচারের দাবিতে আদালতের দক্ষিণে লেকের পাড়ে অবস্থান নেন। বেলা ১১টায় জেলা সদর গেইট এলাকা দিয়ে আমানুরের সমর্থকেরা আদালত এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাঁরা পুলিশি বাধা অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীদের মধ্য থেকে আমানুরের সমর্থক রাইসুল ইসলাম ওরফে রাব্বি এবং মাজাহার হোসেন ওরফে তমাল নামের দুই যুবককে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, আটটি গুলিসহ গ্রেপ্তার করে। এ ছাড়া আরও আটজনকে চাইনিজ কুড়াল, হাতুড়ি, রড, লোহার পাইপসহ গ্রেপ্তার করা হয়।
দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে জানান, মিছিলকারীরা নাশকতা করার চেষ্টা করছিলেন। পুলিশ সতর্ক থাকায় তা করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা যা করা দরকার, তা করা হবে।
দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর এই আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার-১-এ আছেন। বেশ কয়েক দফা উচ্চ আদালত ও নিম্ন আদালতে আবেদন করেও জামিন পাননি তিনি।
২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত লোকজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এই মামলায় আমানুর ছাড়াও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪জন আসামি রয়েছেন। গত বছরের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়।