টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ নিয়ে রাজধানী ঢাকা এবং বাইরে মোট আট জেলায় সড়ক দুর্ঘটনায় সহোদরসহ ১৯ জন নিহত হয়েছেন। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৮০ দিনে সারা দেশের সড়কে প্রাণ হারালেন অন্তত ৬৯৮ জন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘাটাইল পৌর এলাকার গুনগ্রাম এলাকায় অপর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। এর আগে গতকাল দুপুরে টাঙ্গাইল শহরের বাইপাস দরুন এলাকায় পাবনা এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হলে প্রাইভেট কারের চালক ফরিদ মিয়া (৪০) ঘটনাস্থলেই মারা যান।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সোমবার বিকেলে মোখতার হোসেন (৫০) ও তাঁর ভাই মীর হোসেন (৫৫) মোটরসাইকেলে করে হেয়াঁকো যাচ্ছিলেন। কড়াই বাগান এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোখতার হোসেন ঘটনাস্থলেই এবং মীর হোসেন হাসপাতালে মারা যান।
চুয়াডাঙ্গা সদরের জালশুকা গ্রামে সোমবার ইজিবাইকের ধাক্কায় মিশকাতুল খাতুন (১৩) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ও আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে ভটভটি উল্টে জহুরা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জের খুরুমখালী এলাকায় সোমবার ট্রাক্টরের চাপায় আবদুর রহিম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
ফরিদপুরের সদরপুরে গাড়িচাপায় সুমাইয়া (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছে। গতকাল ফরিদপুরের আটরশি দরবার শরিফ থেকে বাবার চালানো মাহিন্দ্রায় করে বাড়ি ফিরছিল সুমাইয়া। পথে উপজেলার শৌলডুবী পোস্ট অফিস এলাকায় গাড়িটি মোড় ঘোরাতে গেলে সুমাইয়া গাড়ি থেকে পড়ে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গতকাল দুপুরে ট্রাক্টরের চাপায় তানজিরুল হক (৩৫) নামের মোটর সাইকেলের এক চালক নিহত হন। তিনি সদর উপজেলার বালুগ্রাম এলাকার মোজাম্মেল হকের ছেলে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে গতকাল বাসের ধাকায় মোটরসাইকেলের চালক আবদুর রশিদ প্রামাণিক (৪৩) ও আরোহী শামসুন্নাহার নিহত হয়েছেন।
ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের শুক্কুরের দোকান এলাকায় সোমবার মোটরসাইকেলের ধাক্কায় গোলাম মোস্তফা (৬০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
রাজধানীর বংশালে সড়ক দুর্ঘটনায় আনিস বিশ্বাস (৫৫) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আনিসের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাশিনা গ্রামে।