টাঙ্গাইলে সিডিসির নাট্য উৎসব শুরু
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) ১০০ বছর পূর্তি উপলক্ষে নাট্য উৎসব শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।
স্থানীয় ভাসানী হল মিলনায়তনে সিডিসির সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শতবর্ষ পূর্তি উৎসবের আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, নাট্যকার নাসির উদ্দীন ইউসুফ ও মামুনুর রশীদ এবং টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতি যদি ভালোবাসতে না শেখায়, সেটা কোনো সংস্কৃতি হলো না। আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি। সবাইকে বড় শিল্পী, আবৃত্তিকার, নাট্যকার হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সংস্কৃতি চর্চা জরুরি।’
উদ্বোধনী দিনে সিডিসি প্রযোজিত নাটক জমিদার দর্পণ মঞ্চস্থ হয়। নাগরিক নাট্যদল, ঢাকা থিয়েটার, আরণ্যক নাট্যদল, সিরাজগঞ্জ নাট্যদল ও ময়মনসিংহ নাট্যদল ছয় দিনব্যাপী উৎসবে নাটক পরিবেশন করবে বলে আয়োজকেরা জানিয়েছেন।