টাঙ্গাইলে নবম শ্রেণীর স্কুলছাত্রীকে তারই এক বান্ধবীর সহায়তায় তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে ছাত্রীটির ওই বান্ধবীসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ গতকাল মঙ্গলবার আবেদন করেছে। ধর্ষণের শিকার ছাত্রীটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তাকে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার এক গ্রামের দরিদ্র কৃষকের মেয়েটি নবম শ্রেণীর ছাত্রী। গত ৬ ডিসেম্বর এক বান্ধবী বিয়ের অনুষ্ঠানের কথা বলে তাকে মধুপুরে নিয়ে পাহাড়ি এলাকার বোকারবাইদ এলাকার এস এম নুরুজ্জামানের বাড়িতে উঠায়।অভিযুক্ত ব্যক্তিরা মেয়েটিকে তিন দিন ওই বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। এরপর তারা মেয়েকে তাদের গ্রামের রেললাইনের পাশে ফেলে রেখে যায়। লোকলজ্জার ভয়ে মেয়েটির পরিবার ঘটনা চেপে রাখে। তারা মেয়েটিকে ১২ ডিসেম্বর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। মারামারিতে আহত হয়েছে বলে তারা চিকিৎসা করায়।বাড়িতে নিয়ে যাওয়ার পর মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে ২২ ডিসেম্বর তাকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। গত রোববার তারা চিকিৎসকদের কাছে ঘটনা খুলে বলে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক নূর মোহামঞ্চদ জানান, গণধর্ষণের বিষয়টি জানার পর মেয়েটির চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট রাজিয়া খাতুন বলেন, মেয়েটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সোমবার রাতে তাঁকে ঢাকায় ওসিসিতে ভর্তি করা হয়েছে।মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা সমন্বয়কারী আতাউর রহমান খান বলেন, তাঁরা বিষয়টি জানার পর রোববার টাঙ্গাইল পুলিশ ও প্রশাসনকে জানান। ওই রাতেই গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তাকারী মেয়ের ওই বান্ধবীসহ শাজাহান আলী, এস এম নুরুজ্জামান, হারুন অর রশিদ ও মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর আকন্দ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আসামি করে ধর্ষণের শিকার মেয়েটির ভাই বাদী হয়ে সোমবার মধুপুর থানায় মামলা করেছেন। টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক আবদুল বাতেন বলেন, রিমান্ডের শুনানি হবে আজ বুধবার।