টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার এই রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম বেলাল হোসেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ধনিয়ারখোলা গ্রামের নুরেল হোসেনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) এ কে এম নাসিমুল আক্তার জানান, দণ্ডিত বেলাল হোসেন ১৯৯৮ সালের ১৭ মে যৌতুকের দাবিতে তাঁর স্ত্রী সোহাগী বেগমকে মারধর করেন। তার পর থেকে সোহাগীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২০-২২ দিন পরে পার্শ্ববর্তী রামদেবপুর গ্রামের একটি ধানখেত থেকে পচা লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে সোহাগীর আত্মীয়স্বজন সেখানে গিয়ে লাশের কাপড়, হাতের বালা ইত্যাদি দেখে এটি সোহাগীর বলে শনাক্ত করেন। পরদিন সোহাগীর বাবা সদর উপজেলার শনির গোবিন্দপুর গ্রামের সয়ান আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে বেলাল হোসেন ও তাঁর বাবা-মাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেলালের বাবা নুরেল হোসেন ও মা বিমলা বেগমকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডিত বেলাল হোসেনকে কারাগারে পাঠানো হয়।