টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে জিয়াউল হক নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. বজলুর রহমান গতকাল সোমবার এ রায় দেন। জিয়াউল হককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জিয়াউল হক ভূঞাপুর উপজেলার চরবিহারী গ্রামের মুকবুল হোসেনের ছেলে।মামলার অপর আসামি সোহরাব, আয়না খাতুন, আজমত আলী, নজরুল ইসলাম, সুখীতন নেছা ও রহিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার বিবরণ থেকে জানা গেছে, জিয়াউল হক আরও কয়েকজনের সহায়তায় ২০০২ সালের ২১ জুন স্ত্রী রাবেয়া খাতুনকে পিটিয়ে হত্যা করেন। পরে নদীর ঘাটে লাশ ফেলে রেখে প্রচার করেন গোসল করতে গিয়ে রাবেয়ার মৃত্যু হয়েছে। পরদিন এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়। তদন্ত শেষে হত্যার বিষয়টি বেরিয়ে এলে ওই বছর ২৬ জুন পুলিশ হত্যা মামলা করে।