টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে সোহরাব আলী (২৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহরাব আলী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের দিদার হোসেনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নাসিমুল আক্তার বলেন, সোহরাব ২০১৩ সালের ২৮ অক্টোবর ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী চম্পা বেগমকে (৩০) পিটিয়ে হত্যা করেন। ঘটনার পর নিহত চম্পার ভাই মেনহাজ উদ্দিন বাদী হয়ে সোহরাবসহ চারজনের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি সোহরাবের ভাই সাইফুল ইসলাম, চান মিয়া ও সাইফুলের স্ত্রী সালমা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।