টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে একজনের ফাঁসি
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আবুল হোসেনের প্রথম স্ত্রী জালানী বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ কে এম নাছিমুল আক্তার বলেন, সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে খোদেজা বেগমের সঙ্গে বাসাইল উপজেলার সোনালিয়া উত্তরপাড়া গ্রামের মিয়া চাঁনের ছেলে আবুল হোসেনের বিয়ে হয় ১৯৯৬ সালে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য খোদেজাকে প্রায়ই নির্যাতন করতেন আবুল হোসেন। একদিন বাবার বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে দিতে খোদেজাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন তিনি। ১৯৯৮ সালের ১৫ জুলাই খোদেজা বাবার কাছ থেকে ৩ হাজার টাকা এনে দেন। চাহিদার চেয়ে কম টাকা আনায় আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে খোদেজা বেগমকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার পর নিহত খোদেজার চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় আবুল হোসেন ও তাঁর প্রথম স্ত্রী জালানী বেগমকে আসামি করে হত্যা মামলা করেন।